প্রথমেই গুরুচরণে শতকোটি প্রণাম. প্রণাম অতনুদা, শমীকদা ও শতদ্রুদাকে - যাদের কাছে রান্নাবান্নার হাতে খড়ি. প্রণাম আত্রেয়ীদি ও মরীনদিকে - অনুপ্রেরণার জন্য. এবং মূলতঃ প্রণাম মা-ঠাকুমা-দিদিমা-পিসি-মাসি-মামী-কাকিমাদের - যাদের হাতে নেহাত পেঁপে থেকে আকছার অমৃত বনতে দেখেছি ও চেখেছি.
বহুকাল আগে - আনন্দবাজার তখনও খেলো নাটকীয়তায় পর্যবসিত হয়নি - রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর লেখা একটা ধারাবাহিক অনুচ্ছেদ প্রকাশিত হত - না, কামসূত্র বা রাজপুতানার রাণাদের সঙ্গম ইতিহাস নিয়ে লেখাটার কথা বলছি না - বক্তব্য বিষয় ছিল রকমারি খাওয়াদাওয়া আর তার সাথে থাকত রঞ্জনবাবুর স্বভাবসিদ্ধ কায়দায় রুচিশীল অথচ জ্বালিয়ে দেওয়া যৌন অনুপান. ভেবেছিলাম খাওয়া ও যৌনতাচর্চা নাম দিয়ে সেইরকম একটা লেখা শুরু করি - নিশ্বাস দীর্ঘতর হওয়ার আগেই বলি - রঞ্জনবাবুর রসবোধ এবং রান্নাবান্না নিয়ে জ্ঞান এ দুই মোক্ষম জিনিসের অভাব তথা বিনয় ও আত্মসঙ্কচ নামের দুই বরাহনন্দনের সতত উপস্থিতি সেই plan বানচাল করতে সমর্থ হয়েছে.
তাও প্রথম পরিচ্ছেদের আগে একটু ভ্যানতাড়া না করলে লেখকের মানহানি হয়. হালকা এট্টু ভ্যানতাড়া হবে, নেশা-ঢুলুঢুলু চোখে Nদা-রা (youtube দ্রষ্টব্য) গরমমশলা আর গোলমরিচে marinate করবেন হাতেগরম জ্ঞান, ও বাড়ির দালান থেকে পাঠক বলে উঠবেন "বাঃ সুনীলবাবু, বড়িয়া হ্যায়" - তবে না drama জমবে.
তবে আর কি - drama জমুক, শুরু হোক 'চাকতির খেল'.